পঞ্চগড়ের শিংরোড সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতের এক কিশোরকে (১৩) আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দেয় বিজিবি। আটক ওই কিশোর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার সিটশাখাতি এলাকার বাসিন্দা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ ৭৬৭ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরকে আটক করে বিজিবি। গতকাল রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।