এবার বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবসায় প্রবেশ করছে ভারতের আদানি শিল্পগোষ্ঠী। গত সোমবার আদানি গোষ্ঠী এক ঘোষণায় জানিয়েছে, ভারতের বৃহত্তম বেসরকারি বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত (এমআরও) কোম্পানি এয়ার ওয়ার্কসের সিংহভাগ শেয়ার কিনে নিচ্ছে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড (এডিএসটিএল)। এ লক্ষ্যে চুক্তিও সই হয়েছে।
ভারতীয় মুদ্রায় এই অধিগ্রহণ চুক্তির অর্থমূল্য ৪০০ কোটি রুপি। https://www.facebook.com/ চুক্তি অনুযায়ী, এয়ার ওয়ার্কসের ৮৫ দশমিক ৮ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে এডিএসটিএল। ভারতের ৩৫টি শহরে এয়ার ওয়ার্কসের ব্যবসা আছে। তাদের মোট কর্মীসংখ্যা ১ হাজার ৩০০-এর বেশি।এয়ার ওয়ার্কসের কাজ হলো বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ, বড় ধরনের পরীক্ষা, বিমানের ইলেকট্রনিকস সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কি না, তা দেখা। এ ছাড়া বিমান রং করা ও অন্দরসজ্জা বদলের কাজও করে তারা। ভারতীয় বিমান সংস্থাগুলোর পাশাপাশি অনেক আন্তর্জাতিক সংস্থাকেও পরিষেবা দেয় এয়ার ওয়ার্কস। এয়ার ওয়ার্কসের হোসুর, মুম্বাই ও কোচি কেন্দ্রে ন্যারোবডি (সরু) বিমান, টার্বোপ্রপ ও রোটারি বিমানের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। বিশ্বের ২০টির বেশি দেশের বিমান পরিবহন নিয়ামক সংস্থার অনুমোদিত সংস্থা এয়ার ওয়ার্কস।
এয়ার ওয়ার্কস ভারতীয় নৌবাহিনীর পি-৮১ বিমান ও বিমানবাহিনীর ৭৩৭ ভিভিআইপি বিমানগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজও করে থাকে।